২১ সেপ্টেম্বর, ঢাকা — ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। রোববার সন্ধ্যায় সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে ডাকসু নেতারা বলেন, “বিএনপির নেতৃস্থানীয় পর্যায় থেকে শিক্ষার্থীদের ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘দাসী’, ‘পশ্চাৎপদ’ ইত্যাদি ঘৃণিত বিশেষণে আখ্যায়িত করা হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, ফজলুর রহমানের “ঢাকা বিশ্ববিদ্যালয় হাটহাজারী মাদরাসায় রূপান্তরিত হয়েছে” মন্তব্যটি শিক্ষার্থীদের প্রতি বিদ্বেষ এবং সামাজিক বিভাজনের বর্ণবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। ডাকসু নেতারা একে চব্বিশ-পরবর্তী বাংলাদেশে অযাচিত ও নিন্দনীয় বলে অভিহিত করেন।
তারা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক, মুক্তবুদ্ধির চর্চাকেন্দ্র এবং গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার। ধর্ম, জাতি, বর্ণ ও মতাদর্শ নির্বিশেষে সব শিক্ষার্থীর সমান মর্যাদা নিশ্চিত করে এটি একটি মাল্টি-কালচারাল প্রতিষ্ঠান হিসেবে শতবর্ষ অতিক্রম করেছে।”
ডাকসু নেতারা ফজলুর রহমানকে তার “দায়িত্বজ্ঞানহীন ও অবমাননাকর” বক্তব্যের জন্য ঢাবি শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। ভবিষ্যতে এ ধরনের বিভেদমূলক মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তারা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থীদের মর্যাদা রক্ষায় ডাকসুর অবস্থান দৃঢ় ও অবিচল থাকবে।”



মন্তব্য করুন