ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের ১৯ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এতে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন। এ ঘটনায় নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, নিখোঁজ জেলেদের ভারতে আটক করা হয়েছে।

নিখোঁজ জেলেদের স্বজনরা জানান, দীর্ঘদিন পর সাগরে ঝাঁকের ইলিশ ধরা পড়ছিল। এমন সংবাদ পেয়ে গত ৫ সেপ্টেম্বর বিকেলে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের ১৯ জেলে সাগরে মাছ ধরতে যান। তার পর ১২ সেপ্টেম্বর পরিবারের সঙ্গে ফোনে শেষ কথা হয়। কিন্তু এরপর তারা আর ফিরে আসতে পারেননি।

স্বজনদের দাবি, সাগরে মাছ ধরতে গিয়ে ভারতের সংরক্ষিত সুন্দরবন এলাকার সীমানায় প্রবেশ করলে ফিশিং বোট, জাল ও কিছু মাছসহ তাদের আটক করা হয়। পরে আটককৃত জেলেদের ভারতের কারাগারে পাঠানো হয়েছে। পরে ভারতীয় একটি ইউটিউবভিত্তিক সংবাদ মাধ্যমে জানতে পারেন, ভারতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে কারাগারে পাঠিয়েছেন।

ভারতে আটক হওয়া জেলেরা হলেন— মো. সফিজল বেপারী, মো. শাহে আলম, ছিডু মুন্সি, রাজিব চন্দ্র দাস, মো. আক্তার হোসেন, মো. মিন্টু হাওলাদার, মো. ফরিদ, মো. আলমগীর, মো. ফরিদ, মো. ইউনুছ, মো. বাবুল সরদার, মো. নিরব হোসেন, মো. ইসমাইল, মো. শাহে আলম হাওলাদার, গৌতম চন্দ্র দাস, মো. জাকির, মো. ছগির সিকদার, মো. টুটুল এবং মো. শহিদুল ইসলাম। তারা প্রত্যেকেই দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা।

ইতিমধ্যে এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জেলেদের স্বজন মো. ইব্রাহিম ভোলা সদর থানায় ১৯ জেলে নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেছেন। এদিকে নিখোঁজ ১৯ জেলের পরিবারের সদস্যরা ভারতে তাদের আটকের খবরে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন। দরিদ্র জেলে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে ছুটে বেড়াচ্ছেন। অনেকে প্রিয় স্বজনদের জন্য আহাজারি করছেন। অসহায় এই পরিবারগুলো সরকারের সহায়তায় প্রিয়জনদের ফিরে পেতে চান।

জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সম্পাদক শেখ আল মামুন জানান, ওই জেলেদের সব তথ্য সংগ্রহ করে তাদের উদ্ধারের জন্য প্রশাসনকে দেওয়া হবে, যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।

ভোলা জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা জানান, তাদের অধিদপ্তর থেকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন তা করা হবে।