লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা এলাকায় ট্রাকের ধাক্কায় পঞ্চম শ্রেণির স্কুল ছাত্র নোয়ান হোসেন নিহত হয়েছে। নিহত নোয়ান হোসেন চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও রসুলগঞ্জ এলাকার মো. নাছির উদ্দিনের ছেলে। সোমবার সকালে চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয় নোয়ান হোসেন। চররুহিতা এলাকায় পৌঁছলে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে নোয়ান হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে স্কুল ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক চালককে ধরতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।