২২ সেপ্টেম্বর, ঢাকা: ফরিদপুর-৪ সংসদীয় আসনের বর্তমান সীমানা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্ট রুল জারি করেছে। ভাঙ্গা উপজেলাকে আলাদা করে ফরিদপুর-৫ আসন পুনর্বহাল না করার কারণ জানতে চেয়ে এই রুল দেওয়া হয়।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনকে ১০ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। তিনি জানান, নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা (দুই ইউনিয়ন বাদে) উপজেলাকে একত্র করে ফরিদপুর-৪ আসনের সীমানা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে।

রিটে জাতীয় সংসদের সীমানা নির্ধারণী আইন ২০২১-এর ৭ ধারা এবং সংবিধানের ১২৫(ক) অনুচ্ছেদও চ্যালেঞ্জ করা হয়েছে।

রিট আবেদনকারীদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, শাহ আলম রেজা, এম. ফাহাদ খান, এম. এম. শহিদুল ইসলাম শাহীন, শাজাহান শিকদারসহ ১৬ জন।