গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কেমিক্যাল বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও তিন জন ফায়ার ফাইটারসহ মোট চারজন সদস্য দগ্ধ হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতির ভয়াবহতা বাড়লে আরও চারটি ইউনিট যোগ করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান , গোডাউনে থাকা কেমিক্যালে বিস্ফোরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর সময় এই বিস্ফোরণেই চারজন সদস্য দগ্ধ হন। দগ্ধদের মধ্যে একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা রয়েছেন। দগ্ধদের ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এছাড়া একজন সদস্য নিখোঁজ রয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।