২৩ সেপ্টেম্বর, নিউইয়র্ক — অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত।
সোমবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। দেশ এ জন্য সম্পূর্ণ প্রস্তুত।”
“সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে” বললেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা।
বৈঠকে সার্জিও গোর বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আলোচনায় উঠে আসে বাণিজ্য, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচারসহ নানা আঞ্চলিক ইস্যু।
প্রধান উপদেষ্টা কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন। জবাবে মার্কিন কর্মকর্তারা জীবন রক্ষাকারী সহায়তা বজায় রাখার আশ্বাস দেন।
তিনি বলেন, “সার্ক প্রায় এক দশক ধরে সম্মেলন আয়োজন করতে পারেনি। আমরা এই সংস্থাকে পুনরুজ্জীবিত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছি।”
বাংলাদেশ আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে এবং নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে।



মন্তব্য করুন