বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন,
হাজারো কষ্ট-বাধা সত্ত্বেও তিনি দেশ ছেড়ে যাননি, নেতাকর্মী ও দেশবাসীকে কখনও ত্যাগ করেননি, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া সাহসিকতার সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে যে ভূমিকা রেখেছেন, তা নতুন প্রজন্ম ও নারী সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশনমোড় এলাকার নবজীবন সেন্টারে জাতীয়তাবাদী মহিলা দল, সদর উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দুলু আরও বলেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কারাবরণ করেছেন এবং অসুস্থ অবস্থাতেও জনগণের জন্য আত্মত্যাগ করেছেন।”তিনি খালেদা জিয়াকে শুধু একজন রাজনৈতিক নেতা নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত হিসেবে উল্লেখ করেন। দুলুর ভাষ্য, বিএনপির নেতাকর্মীরা আজ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধভাবে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিচ্ছে।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব। সম্মেলনে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আরজিনা পারভিন রেখা। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফরোজা পারভিন শাপলা।
এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন পৌর জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক মাকসুদা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।বক্তারা বলেন, বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বার্থরক্ষার আন্দোলনে মহিলা দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সম্মেলনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।



মন্তব্য করুন