জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্যসংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশে ভবিষ্যতের কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। তার দাবি, ২৪-এর অভ্যুত্থানে দলটি হাজারো ছাত্র-জনতাকে হত্যা করেছে এবং ফ্যাসিস্ট শক্তি হিসেবে তাদের বিচার হওয়া উচিত।
বুধবার দুপুরে সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগারের হলরুমে জেলা ও উপজেলা কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কোনো রাজনৈতিক দল টিকে থাকতে পারবে না। তিনি স্পষ্ট করে জানান, জুলাই সনদ বাস্তবায়ন, মৌলিক সংস্কার, ফ্যাসিস্ট শক্তির বিচার এবং নতুন সংবিধান প্রণয়ন ছাড়া এনসিপি কোনো নির্বাচনে অংশ নেবে না। তার মতে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে, নইলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে।
“বাংলাদেশের কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। দল হিসেবে তাদের বিচার হবে এবং নিষিদ্ধ করা হবে,” বলেন সারজিস আলম।
তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ভারতের আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। ভারতের আশীর্বাদ নিয়ে কোনো দল রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিতে গিয়ে আখতার হোসেন ও ডা. তাসনিম জারা যুক্তরাষ্ট্রে যে হেনস্থার শিকার হয়েছেন, তার দায় সরকারের বলে অভিযোগ করেন সারজিস আলম। তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি জানান।
স্টাফ রিপোর্টার



মন্তব্য করুন