ঢাকা/নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর ২০২৫: আলবেনিয়া তাদের শ্রমবাজারে নতুন কর্মী আনার পরিকল্পনায় বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন।

প্রেসিডেন্ট বেগাই জানান, ইতোমধ্যেই কয়েকটি আলবেনীয় কোম্পানি বাংলাদেশি কর্মী নিয়োগের আবেদন করেছে। তিনি বলেন, শ্রমের পাশাপাশি পর্যটন খাতেও সহযোগিতা বাড়ানো যেতে পারে, যেখানে আলবেনিয়ার দক্ষিণ উপকূল বাংলাদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় হতে পারে।

ইউনূস এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের তরুণ শ্রমশক্তি আলবেনিয়ার অর্থনীতিতে অবদান রাখতে প্রস্তুত। তবে ভিসা প্রক্রিয়া সহজ করা জরুরি, কারণ বর্তমানে আবেদন করতে নয়াদিল্লি যেতে হয়।

প্রেসিডেন্ট বেগাই জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য ই‑ভিসা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি তিনি উচ্চপর্যায়ের সফর ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশ চিকিৎসক, নার্স, কারখানা ও কৃষিশ্রমিকসহ বিভিন্ন খাতে শ্রমশক্তি সরবরাহে সক্ষম। এজন্য দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষর করা প্রয়োজন।

এছাড়া প্রেসিডেন্ট বেগাই জানান, আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক ভর্তি স্কিমের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত।