ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৫: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা এবং নারী শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যপরামর্শ সেবা।
ফার্মেসি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম রেজা, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মোহাম্মদ মাহবুবুল হক এবং দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ও বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ড. আবু আসাদ চৌধুরী।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘খুলে বলো ক্যাম্পেইন’ শীর্ষক একটি নারী স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় মকররম হোসেন খন্দকার সায়েন্স বিল্ডিং প্রাঙ্গণে। নুভিস্টা ফার্মাসিউটিক্যালসের সহায়তায় আয়োজিত এ শিবিরে নারী শিক্ষার্থীরা পলিসিস্টিক ওভারি সিনড্রোম, অনিয়মিত মাসিক, ব্রণ ও অতিরিক্ত লোম, এন্ডোমেট্রিওসিস, আয়রন ও ভিটামিন-ডি ঘাটতি, থাইরয়েড সমস্যা, স্তন ও সার্ভিক্যাল ক্যান্সারসহ নানান স্বাস্থ্য জটিলতা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করেন।
শিবিরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নুভিস্টা ফার্মাসিউটিক্যালসের মেডিকেল ডিভিশনের সহকারী জেনারেল ম্যানেজার ডা. কুমকুম পারভীন। গাইনোকোলজি বিশেষজ্ঞ ডা. উম্মে সাফুরা খাতুন ও ডা. রঞ্জিতা রানি সাহা শিক্ষার্থীদের স্বাস্থ্যপরামর্শ প্রদান করেন।



মন্তব্য করুন