২৭ সেপ্টেম্বর ২০২৫-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “এখন সময় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার। ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে।” তিনি দেশকে ও দেশের মানুষকে রক্ষার জন্য ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন।
শনিবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে দেশে স্বৈরাচারের পতন ঘটেছে। এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে পুনর্গঠন করতে হলে দলীয় ঐক্য অপরিহার্য।
তিনি বলেন, “একটি ঘর তৈরি করতে হলে অনেক মানুষের শ্রম লাগে, কিন্তু ধ্বংস করতে বেশি মানুষের প্রয়োজন হয় না। এই দেশটি আমাদের ঘর, যেখানে দীর্ঘ ১৫ বছর ডাকাত পড়েছিল। সেই ডাকাতকে জনগণ বিতাড়িত করেছে।”
এই কারণে এখন বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে হবে। তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, “মিটিং করে জনগণের কাছে যাওয়া যাবে না। দুই–তিনজনের ছোট টিম করে জনগণের দ্বারে যেতে হবে।”
তারেক রহমান বলেন, “আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের সমর্থন করলে আমরা দেশকে গঠন করব। শিক্ষা, যোগাযোগ, নারীর ক্ষমতায়ন, কৃষকের পাশে দাঁড়ানো, স্বাস্থ্যব্যবস্থা—সবকিছু নিয়ে জনগণের কাছে যেতে হবে।”
তিনি বক্তব্য শেষ করেন এই বলে, “আমাদের লক্ষ্য এখন একটি ঐক্য, জনগণ।”



মন্তব্য করুন