ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার)
কর্মস্থলের নিয়ম ভঙ্গ ও পরীক্ষায় অনুপস্থিতির কারণে ইসলামী ব্যাংক ২০০ কর্মীকে চাকরিচ্যুত করেছে এবং ৪৯৭১ জনকে ওএসডি ঘোষণা করেছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ২৭ সেপ্টেম্বর আয়োজিত যোগ্যতা যাচাই পরীক্ষায় ৫,৩৮৫ জন কর্মকর্তাকে ডাকা হলেও মাত্র ৪১৪ জন অংশ নেন। অনুপস্থিত ৪,৯৭১ জনকে পরদিন থেকে ওএসডি করা হয়। একই সঙ্গে পরীক্ষার বিরোধিতা ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ২০০ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।
ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, ২০১৭ সালে এস আলম গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার পর লিখিত পরীক্ষা ছাড়াই বিপুলসংখ্যক নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের বড় অংশ চট্টগ্রামের পটিয়া থেকে আসায় বর্তমানে প্রায় অর্ধেক কর্মী ওই অঞ্চলের।
একজন সিনিয়র কর্মকর্তা অভিযোগ করেন, অযোগ্য নিয়োগ ব্যাংককে সংকটে ফেলেছে। তিনি বলেন, “ব্যাংকের স্বার্থে সবাইকে যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছিল।”
ওএসডি হওয়া কর্মীরা দাবি করেন, হাইকোর্ট নিয়মিত প্রমোশনাল পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ আলাদা পরীক্ষা নিয়ে আদেশ অমান্য করেছে। তারা পুনরায় আদালতের আশ্রয় নিতে প্রস্তুতি নিচ্ছেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ছাঁটাইয়ের উদ্দেশ্যে এ ধরনের পরীক্ষা দেশে প্রথম। সাধারণত পদোন্নতির জন্য ভাইভা নেওয়া হয়, তবে এখানে মান যাচাই নতুন অভিজ্ঞতা।
তিনি আরও জানান, ইসলামী ব্যাংক বেসরকারি প্রতিষ্ঠান হলেও নিয়োগ ও যাচাই দেশের প্রচলিত আইন মেনে করতে হবে।
অভিযোগ রয়েছে, ২০১৭ সালে নিয়ন্ত্রণ নেওয়ার পর এস আলম গ্রুপ প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা উত্তোলন করে। এতে ব্যাংক আর্থিক সংকটে পড়ে। ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদে রদবদল আনে।



মন্তব্য করুন