ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৫, 

২০২৬ সালের হজকে সামনে রেখে তিনটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস এসোসিয়েশন অফ বাংলাদেশ (হাব)।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাব জানায়, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

বিশেষ হজ প্যাকেজের মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজ ৫ লাখ ৫০ হাজার এবং সাশ্রয়ী প্যাকেজ ৫ লাখ ১০ হাজার টাকা।

বেসরকারি প্যাকেজে খাবার ও কোরবানির খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি ব্যবস্থায় খাবারের খরচ আলাদা থাকলেও উন্নত সার্ভিসের জন্য বেসরকারিতে তা অন্তর্ভুক্ত করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে, ১৪৪৭ হিজরি সনের ৯ জিলহজে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সম্ভাব্য যাত্রী সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

সৌদি আরবের চূড়ান্ত খরচ প্রকাশ না হওয়ায় বিগত বছরের হিসাব অনুসারে প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে খরচ বাড়লে বা কমলে তা সংশ্লিষ্ট খাতে সমন্বয় করা হবে।

এ বছর কোরবানির অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মে পরিশোধ বাধ্যতামূলক। ফলে সরকারি ও বেসরকারি উভয় প্যাকেজেই কোরবানির খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে।

হজযাত্রীর বিমান ভাড়া বাংলাদেশ অংশের ট্যাক্স ও চার্জ ব্যতীত গণনা করা হয়েছে। এক সৌদি রিয়ালের মান ধরা হয়েছে ৩২.৮৫ টাকা, তবে রেট পরিবর্তন হলে তা প্যাকেজ মূল্যের সঙ্গে সমন্বয় হবে।