নিউইয়র্ক, ৩০ সেপ্টেম্বর ২০২৫,
জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, “ভোট প্রক্রিয়া ব্যাহত করার যে কোনো সুপরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
তিনি জানান, “যারা কোটি কোটি ডলার বিদেশে নিয়ে গেছেন এবং দেশত্যাগ করেছেন, তারা বিদেশ থেকে সুপরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে।”
শফিকুল আলম বলেন, পতিত স্বৈরাচার, তাদের দোসর ও আন্তর্জাতিক মিত্ররা মিলে আগামী নির্বাচনের পথ বন্ধ করার কৌশল গ্রহণ করেছে, যাতে ভোট প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়।
তিনি বলেন, “আমরা এমন একটি উদ্যোগ লক্ষ্য করছি, তবে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছি।”
তিনি আরও জানান, বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া খবর প্রচারণা চালানো হচ্ছে। বিষয়টি আন্তর্জাতিক নেতাদের অবহিত করছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
- প্রেস সচিব বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।



মন্তব্য করুন