খাগড়াছড়ি, ০১ অক্টোবর ২০২৫

মারমা কিশোরীর ধর্ষণ মামলায় তিন চিকিৎসকের যৌথ মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের তিন সদস্যের চিকিৎসক দল মারমা কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোন আলামত পাননি। গাইনোকোলজিস্ট ডা. জয়া চাকমার নেতৃত্বে করা পরীক্ষায় ১০টি সূচকের সবকটিই স্বাভাবিক এসেছে।

ডা. জয়া চাকমা বলেন, “আমরা সব পরীক্ষানিরীক্ষা করেছি। কিন্তু ধর্ষণের কোন আলামত পাইনি।” তাঁর টিমে ছিলেন মেডিকেল অফিসার মোশারফ হোসেন ও নাহিদা আক্তার।

২৩ সেপ্টেম্বর অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়। পরে শয়ন শীল নামে এক তরুণকে আটক করে রিমান্ডে নেওয়া হয়। অন্য দুই আসামি এখনও পলাতক।

অবরোধ ও বিক্ষোভে সহিংসতায় ৩ জন নিহত হন। খাগড়াছড়িতে জারি করা হয় ১৪৪ ধারা। নিহতদের দাহ সম্পন্ন হলেও মামলা হয়নি।

জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বৈঠকে অংশ নেওয়া ছয়জন ইউপিডিএফ সদস্য বলে দাবি করেছে পার্বত্য উপদেষ্টা। অবরোধ স্থগিতের শর্ত হিসেবে ১৪৪ ধারা প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়।