বরিশাল, ১ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা জানিয়েছেন, আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম প্রত্যাহারের কোনো সম্ভাবনা তিনি পর্যবেক্ষণে দেখছেন না।

বরিশালে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, নিষেধাজ্ঞা স্থায়ী না অস্থায়ী—এ প্রশ্ন থাকলেও প্রত্যাহারের সম্ভাবনা নেই।

তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না।’

আসিফ নজরুল আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউশন দলের পক্ষ থেকে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই।’

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে এবং এরপর অন্তর্বর্তী সরকারের কেউ থাকতে চান না।

দেশের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন করছেন জানিয়ে তিনি বলেন, সরকার সতর্ক ছিল এবং অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত।

পাহাড়ে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা।

—