ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দ ফকিরকে হেনস্থা করে চুল-দাড়ি কেটে দেওয়ার মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) বিকালে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. সুজন মিয়া (৩০) নামের এক আসামিকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) একই মামলার অপর আসামি মজনু মিয়া (৪৭) গ্রেপ্তার হন।

দুই আসামিকেই বৃহস্পতিবার ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। উভয়েই উপজেলার কাশিগঞ্জ এলাকার বাসিন্দা।

ঘটনার সূত্রপাত হয় গত ২৭ সেপ্টেম্বর বিকেলে। স্থানীয় কোদালিয়া গ্রামের বাসিন্দা হালিম উদ্দিন আকন্দ ফকির বাজারে গেলে একদল যুবক তাঁকে ধরে জোর করে মাথার চুল ও দাড়ি কেটে দেয়। হালিমের ছেলে শহীদ আকন্দ বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে হেনস্থার সময় হালিম ফকিরের অসহায় কণ্ঠে উচ্চারিত বাক্য—“আল্লাহ, তুই দেহিস”—প্রতিবাদের প্রতীকী স্লোগানে পরিণত হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, অভিযুক্তদের কিছুজন এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে।