ঢাকা, ২ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার):

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে চলমান বিতর্কে সরাসরি মন্তব্য করেছেন বিএনপির নেতা ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, নির্বাচনি প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে এবং সব তথ্য প্রকাশ করলে “অনেকের পোশাক খুলে যেতে পারে।”

ইশরাক লিখেছেন, গত কয়েকদিন তিনি নীরব ছিলেন যাতে নির্বাচন প্রভাবিত না হয়। তবে এখন কিছু বিষয় তুলে ধরতে বাধ্য হয়েছেন। তার দাবি, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সন্তানরা ক্রিকেট বোর্ডে যুক্ত হতে চেয়েছিলেন দেশ ও জাতির কল্যাণে।

ইশরাক বলেন, “আমাদের সকলের ভালোবাসা ও গৌরবের জায়গা ক্রিকেট। কিছু মানুষ বলছে, রাজনীতিবিদ বা তাদের পরিবারের কেউ ক্রীড়া সংগঠক হওয়া হারাম। এটি কোনো কেলেঙ্কারি বা আইন লঙ্ঘন নয়।”

তিনি আরও উল্লেখ করেন, যারা প্রার্থী হয়েছিলেন তারা শিক্ষিত, ক্রিকেটপ্রেমী ও আর্থিকভাবে সক্ষম। তাদের উদ্দেশ্য ছিল জাতীয় ও জেলা পর্যায়ে ক্রিকেটকে এগিয়ে নেওয়া। কিন্তু তার অভিযোগ, নির্বাচনি প্রক্রিয়ায় ‘কিংস পার্টি’র ইন্ধনে এক উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করেছেন এবং কাউন্সিলর নিয়োগে বৈষম্য সৃষ্টি করেছেন।

পোস্টের শেষাংশে ইশরাক দাবি করেন, বিএনপি পরিবারের সদস্যরা গত ১৭ বছর ধরে বৈষম্যের শিকার হয়েছেন। এখন সরকারের কিছু উপদেষ্টা একই ধারা অনুসরণ করছেন। তিনি বলেন, “বিএনপির লোকজন বিসিবিতে কী করছে—এই প্রশ্ন তোলা হচ্ছে। মহান আল্লাহ চাইলে, তারা বিসিবিতে কী করছে এবং কতটা অবদান রাখছে, তা শিগগিরই দেখা যাবে।”