বুধবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস। বৈঠকটি অনুষ্ঠিত হয় আমিরের কার্যালয়ে, যেখানে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। আলোচনায় বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপাক্ষিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে। রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি ব্রাজিলের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

আলোচনার পরিবেশ ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। উভয় পক্ষই আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও ব্রাজিলের সম্পর্ক আরও গভীর হবে এবং পারস্পরিক সহযোগিতা নতুন মাত্রা পাবে।