শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের গোলার বাজার এলাকায় বিপুল পরিমান শ্রমিক দিয়ে কৃষি জমি ধ্বংস করে অবৈধভাবে মাছের ঘের তৈরির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করেন নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস।

এসময় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬০-৭০ জন শ্রমিক কয়েকটি কৃষিজমিতে মাটি কেটে পোনা মাছের প্রকল্প স্থাপনের কাজ করছিল। তারা সেখানে তাঁবু টেনে বিগত ২-৩ দিন ধরে অবস্থান করে কার্যক্রম পরিচালনা করছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস বলেন, এই ধরনের অবৈধ কার্যক্রম ভবিষ্যতেও সহ্য করা হবে না এবং নিয়মিত অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ নেওয়া হবে।