টানা কয়েকদিনের তীব্র শৈত্যপ্রবাহে শরীয়তপুর জেলাজুড়ে শীতজনিত রোগের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। আক্রান্তদের ভিড়ে শরীয়তপুর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে তিল ধারণের জায়গা নেই। ধারণক্ষমতার চেয়ে তিন গুণ বেশি রোগী ভর্তি হওয়ায় বাধ্য হয়ে হাসপাতালের বারান্দা ও করিডোরের মেঝেতে অবস্থান নিতে হচ্ছে সাধারণ মানুষকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে অন্তঃবিভাগে ২৫০ থেকে ৩০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অর্থাৎ প্রতিটি শয্যার বিপরীতে তিন জন করে রোগী সামলাতে হচ্ছে কর্তৃপক্ষকে। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৮০০ থেকে ১ হাজার ২০০ মানুষ চিকিৎসার জন্য ভিড় করছেন। এর মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও সর্দি-জ্বরে আক্রান্ত শিশু ও বৃদ্ধের সংখ্যাই সবচেয়ে বেশি।

সরেজমিনে দেখা গেছে, শয্যা না পেয়ে কনকনে ঠান্ডার মধ্যেই হাসপাতালের বারান্দায় চাদর ও কাঁথা বিছিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। জনবল সংকটের কারণে বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. লিবিয়া সাদিনা জানান, শীতে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটছে। এই পরিস্থিতিতে শিশুদের গরম কাপড় পরা নিশ্চিত করা এবং ডায়রিয়া বা শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে আনার পরামর্শ দিয়েছেন তিনি।