ইরানে অর্থনৈতিক সংকট মোকাবিলায় চলমান বিক্ষোভে প্রাণহানির ঘটনায় তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা অব্যাহত রাখে, তবে তাদের ‘উদ্ধারে’ যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে এবং এ লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প এই চরম বার্তা দেন। তিনি লেখেন, “শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো এবং তাদের হত্যা করা ইরানের পুরোনো অভ্যাস। যদি তারা আবারও এমন কাজ করে, যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা পুরোপুরি প্রস্তুত।”
মূল্যস্ফীতি, মুদ্রার দরপতন এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে গত রোববার তেহরানের ব্যবসায়ীদের ধর্মঘট থেকে এই আন্দোলনের সূত্রপাত। বৃহস্পতিবার পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে পশ্চিম ইরানের লোরদেগান ও আজনা শহরে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কুহদাশত শহরে বিক্ষোভকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
বিপ্লবী গার্ড বাহিনী কুহদাশতে তাদের এক সদস্যের মৃত্যু ও ১৩ জন আহত হওয়ার দাবি করলেও মানবাধিকার সংস্থা ‘হেঙ্গাও’ বলছে, নিহত ব্যক্তি মূলত একজন বিক্ষোভকারী ছিলেন যিনি নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান। বর্তমানে ইসফাহান, কেরমানশাহ ও খুজেস্তানসহ বিভিন্ন প্রদেশে ব্যাপক ধরপাকড় চলছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ট্রাম্পের সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধকে নতুন এক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।



মন্তব্য করুন