শরীয়তপুরের ডামুড্যায় দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকার ঔষধ ব্যবসায়ী খোকন দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
নিহত খোকন দাস ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় বাজারে ঔষধ বিক্রির পাশাপাশি মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৩১ ডিসেম্বর) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে খোকন দাসের ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করার পর পরিচয় গোপন করতে শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করেন। সেখানে বৃহস্পতিবার তার ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হলেও শেষ রক্ষা হয়নি।
এই ঘটনায় গত বৃহস্পতিবার গভীর রাতে নিহতের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে ডামুড্যা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় কনেশ্বর এলাকার সোহাগ খান (২৭), রাব্বি মোল্যা (২১) এবং পলাশ সরদারকে (২৫) আসামি করা হয়েছে।
শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তানভীর হোসেন জানান, ভুক্তভোগীর মৃত্যুর বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েছে। আসামিদের গ্রেফতারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে তিলই এলাকা। স্বজন ও এলাকাবাসী অবিলম্বে খুনিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



মন্তব্য করুন