“প্রযুক্তি ও মানবতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, শরীয়তপুরের আয়োজনে এবং জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি জেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস. এম. আনোয়ারুল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদুল আলম। এছাড়াও র‍্যালিতে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজসেবা খাতে কর্মরত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা সমাজের সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে সমাজসেবার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।
আয়োজকরা জানান, সমাজের সকল স্তরের মানুষের মাঝে সহমর্মিতা, সামাজিক ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমে জনগণের আস্থা ও অংশগ্রহণ বাড়াতেই জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হচ্ছে।