ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটকের ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুষ্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করে যুক্তরাষ্ট্র।

গত ১ জানুয়ারি নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেওয়ার এক সপ্তাহের মাথায় এই সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান নিলেন জোহরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘটনাকে ‘যুদ্ধের মতো নিকৃষ্ট কাজ’ হিসেবে বর্ণনা করেন।

জোহরান মামদানি বলেন, এই অভিযান কেবল আন্তর্জাতিক রীতিনীতি নয়, বরং খোদ মার্কিন আইনেরও পরিপন্থী। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্বজুড়ে আইনি ও নৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

এর আগে ৩ জানুয়ারি মধ্যরাতে ভেনেজুয়েলায় আকস্মিক হামলা চালায় মার্কিন বিশেষ বাহিনী। অভিযানে মাদুরো দম্পতিকে আটক করে হেলিকপ্টারযোগে নিউইয়র্কের একটি সামরিক ঘাঁটিতে নিয়ে আসা হয়। এই ঘটনার পরপরই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মাদুরোর ছবি প্রকাশ করেন।