হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি কেবল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং বিশ্বব্যবস্থাকে আমূল বদলে দেওয়ার এক প্রবল অনুঘটক হিসেবে আবির্ভূত হয়েছে। ২০২৫ সাল জুড়ে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে যে অস্থিরতার ছাপ তিনি রেখে গেছেন, তার রেশ ২০২৬ সালেও বজায় থাকবে বলে আভাস পাওয়া যাচ্ছে। দ্য ইকোনমিস্টের বিশেষ বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্পের ‘ডিসরাপ্টর’ ভূমিকা একদিকে যেমন প্রথাগত কূটনীতি ও বাণিজ্যে ধস নামিয়েছে, অন্যদিকে প্রতিরক্ষা ও আঞ্চলিক সমঝোতায় তৈরি করেছে নতুন বাধ্যবাধকতা।
আসন্ন বছরের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক গতিপথ নির্ধারণে ১০টি প্রধান দিক এখন আলোচনার কেন্দ্রে।
১. ওয়াশিংটনের অভ্যন্তরীণ বিভাজন:
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বছরেই দেশটিতে রাজনৈতিক মেরুকরণ চরম আকার ধারণ করতে পারে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের ভিন্নধর্মী বয়ান ভোটারদের সামনে আসবে। তবে আইনসভার নিয়ন্ত্রণ যার হাতেই থাকুক, ট্রাম্পের নির্বাহী আদেশ ও শুল্ক নীতিই মার্কিন প্রশাসনের চালিকাশক্তি হিসেবে বহাল থাকার সম্ভাবনা বেশি।
২. অস্থিতিশীল বিশ্বকাঠামো:
ট্রাম্পের কূটনীতি কোনো সুনির্দিষ্ট তত্ত্বে নয়, বরং তাৎক্ষণিক লাভ-ক্ষতির ওপর নির্ভরশীল। এর ফলে স্নায়ুযুদ্ধের মতো দ্বিমেরু বিশ্ব নাকি প্রভাবশালী দেশগুলোর নিজস্ব প্রভাব বলয় তৈরি হবে—তা নিয়ে সংশয় কাটছে না। এই বিশৃঙ্খলার মধ্যেই বিভিন্ন দেশ নিজেদের প্রয়োজনে প্রতিরক্ষা ও বাণিজ্যে ছোট ছোট স্বাধীন জোট গড়তে পারে।
৩. যুদ্ধ ও নিরাপত্তার ঝুঁকি:
গাজায় শান্তির ক্ষীণ আশা থাকলেও ইউক্রেন, সুদান ও মিয়ানমারের সংকট জিইয়ে থাকার লক্ষণ স্পষ্ট। অন্যদিকে সমুদ্রতল, মহাকাশ ও সাইবার জগতে আধিপত্য বিস্তারের লড়াই প্রথাগত যুদ্ধের সীমানা ঝাপসা করে দিচ্ছে। দক্ষিণ চীন সাগর ও উত্তর ইউরোপে মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
৪. ইউরোপ ও চীনের অবস্থান:
ইউরোপকে এখন একদিকে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি ও অন্যদিকে অর্থনৈতিক মন্দা ঠেকানোর দ্বিমুখী লড়াই লড়তে হচ্ছে। বিপরীতে, ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সুযোগ নিয়ে চীন বিশ্বজুড়ে, বিশেষ করে গ্লোবাল সাউথে নিজের নির্ভরযোগ্যতা প্রমাণের চেষ্টা চালাচ্ছে।
৫. অর্থনৈতিক ও প্রযুক্তিগত অস্থিরতা:
ফেডারেল রিজার্ভের নেতৃত্ব বদল এবং ট্রাম্পের শুল্ক নীতির কারণে বিশ্ববাজারে অস্থিরতার ঝুঁকি রয়েছে। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিনিয়োগের বুদবুদ নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রযুক্তির এই উল্লম্ফন কর্মসংস্থানে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে শিক্ষিত সমাজের মধ্যে শঙ্কা বাড়ছে।
৬. জলবায়ু ও জ্বালানির নতুন মোড়:
উষ্ণতা বৃদ্ধির সীমা রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়লেও আশার আলো দেখাচ্ছে ‘ক্লিন টেক’ বা পরিচ্ছন্ন প্রযুক্তির প্রসার। বিশেষ করে ভূ-তাপীয় শক্তি (Geothermal energy) রাজনৈতিক বিতর্কের বাইরে একটি টেকসই বিকল্প হিসেবে উঠে আসতে পারে।
৭. ক্রীড়াঙ্গনে বিতর্ক:
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর রাজনৈতিক টানাপোড়েন খেলার মাঠে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি লাস ভেগাসে নিষিদ্ধ ড্রাগ ব্যবহারের অনুমতি নিয়ে আয়োজিতব্য ‘এনহ্যান্সড গেমস’ ক্রীড়া নৈতিকতাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
৮. চিকিৎসা বিজ্ঞানের প্রভাব:
ওজন কমানোর ওষুধ ‘ওজেম্পিক’ বা জিএলপি-ওয়ান শ্রেণির ওষুধের সহজলভ্যতা জীবনযাত্রায় পরিবর্তন আনলেও এটি এক ধরনের ‘শর্টকাট’ কি না, তা নিয়ে নৈতিক বিতর্ক সামাজিক রূপ নিতে শুরু করেছে।



মন্তব্য করুন