বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসা পাওয়ার নিয়ম আরও কঠিন ও ব্যয়বহুল হয়ে উঠেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ ‘ভিসা বন্ড’ নীতিতে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করায় এখন থেকে বাংলাদেশি পর্যটকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ সীমিত হয়ে গেছে। আগামী ২১ জানুয়ারি (বুধবার) থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়ম অনুযায়ী, বাংলাদেশিরা কেবল নিউইয়র্কের জন এফ কেনেডি, বোস্টন লোগান এবং ওয়াশিংটন ডুলস—এই তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন।

৬ জানুয়ারি (মঙ্গলবার) প্রকাশিত মার্কিন স্টেট ডিপার্টমেন্টের হালনাগাদ তালিকায় বাংলাদেশসহ মোট ৩৮টি দেশকে এই পাইলট কর্মসূচির আওতায় আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, একজন আবেদনকারীকে ভিসার যোগ্য হিসেবে বিবেচনা করার পরও কনস্যুলার কর্মকর্তা চাইলে ৫ হাজার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত বা ‘ভিসা বন্ড’ দাবি করতে পারেন। এই অর্থ যুক্তরাষ্ট্রের সরকারি অনলাইন পোর্টাল (Pay.gov)-এর মাধ্যমে জমা দিতে হবে।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসার মেয়াদ শেষে যারা অবৈধভাবে থেকে যান (ওভারস্টে), তাদের সংখ্যা কমাতেই এই কঠোর ব্যবস্থা। তবে এটি একটি ফেরতযোগ্য জামানত। কোনো যাত্রী যদি ভিসার শর্ত মেনে নির্ধারিত সময়ে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন, তবে তিনি পুরো অর্থ ফেরত পাবেন। কিন্তু সেখানে গিয়ে কেউ অভিবাসনের জন্য স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করলে বা মেয়াদের বেশি অবস্থান করলে ওই জামানতের অর্থ বাজেয়াপ্ত করা হবে।

বিশ্লেষকরা মনে করছেন, জামানতের এই বিশাল অংকের টাকার বাধ্যবাধকতা সাধারণ বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়াকে যেমন জটিল করবে, তেমনি মধ্যবিত্তের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণকে অত্যন্ত ব্যয়বহুল করে তুলবে।