জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শীর্ষ তিন পদেই জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার ড. মোস্তফা হাসান নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনী ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে রিয়াজুল ইসলাম ৫ হাজার ৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের এ কেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল আলিম আরিফ। এই পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা ২ হাজার ২০৩ ভোট পেয়েছেন। এছাড়া সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৫ হাজার ২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাসুদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৪ হাজার ২২ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১৬ হাজার ৬৪৫ জন ভোটারের মধ্যে প্রায় ৬৫ শতাংশ শিক্ষার্থী এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। একই দিনে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। সেখানে ১ হাজার ২৪২ জন ভোটারের বিপরীতে ভোট প্রদানের হার ছিল প্রায় ৭৭ শতাংশ।

মন্তব্য করুন