ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বুধবার (৭ জানুয়ারি) লুক্সেমবার্গে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান।

জয়শঙ্কর বলেন, “আমরা ভেনেজুয়েলার ঘটনাবলি পর্যবেক্ষণ করছি। সব পক্ষের উচিত সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে আলোচনার মাধ্যমে এমন অবস্থানে পৌঁছানো, যা দেশটির সাধারণ মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করবে।” লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী জ্যাভিয়ার বেট্টেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।

গত শনিবার (৩ জানুয়ারি) কারাকাসে ঝটিকা অভিযান চালিয়ে মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে এবং জরুরি প্রয়োজন ছাড়া ভেনেজুয়েলা ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে।

নয়াদিল্লি সরাসরি মার্কিন অভিযানের নিন্দা না জানালেও সার্বভৌমত্ব ও শান্তি বজায় রাখার স্বার্থে কূটনৈতিক সংলাপের ওপর জোর দিচ্ছে। জয়শঙ্কর আরও উল্লেখ করেন, ভেনেজুয়েলার সঙ্গে ভারতের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এবং দেশটি যেন দ্রুত এই অস্থিরতা কাটিয়ে উঠতে পারে, ভারত সেই প্রত্যাশাই করে।