শরীয়তপুরের জাজিরা উপজেলায় গভীর রাতে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় সোহান নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।

বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে ঘরটির দেয়াল ও চালা ধসে পড়ে এবং আসবাবপত্র চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ঘটনার প্রায় ৫০০ মিটার দূরে একটি ফসলি জমি থেকে সোহানের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, ঘটনাস্থল থেকে রাসায়নিক দ্রব্য এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ঘরটিতে বোমা তৈরির সময় অসাবধানতাবশত এই বিস্ফোরণ ঘটতে পারে। বিস্ফোরণের পর পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওসি আরও জানান, অপরাধীদের শনাক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্ফোরিত সরঞ্জামগুলোর উৎস ও এর নেপথ্যে কোনো বড় গোষ্ঠীর পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।