মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যে অভিবাসন বিভাগের এক বিশেষ অভিযানে ২৬ জন বাংলাদেশিসহ মোট ৭৭ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত সেরেমবান ও নিলাই এলাকার ১৩টি ভিন্ন স্থানে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, নিলাই এলাকার একটি সাবান উৎপাদন কারখানাই ছিল অভিযানের মূল কেন্দ্রবিন্দু, যেখান থেকে একযোগে ৫৫ জন অবৈধ শ্রমিককে আটক করা হয়। অভিযানের সময় ৩৯৫ জন বিদেশির নথিপত্র যাচাই শেষে ৭৭ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭১ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন, যাদের বয়স ১৯ থেকে ৪৭ বছরের মধ্যে।

নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান আই কিয়াং জানান, আটককৃতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি ছাড়াও ভারতের ২৬ জন, পাকিস্তানের ১০ জন, থাইল্যান্ডের ৬ জন, মিয়ানমারের ৫ জন এবং ইন্দোনেশিয়ার ৪ জন নাগরিক রয়েছেন। রাত গভীর হওয়ায় অনেকে পালানোর চেষ্টা করলেও ইমিগ্রেশন পুলিশের ঘেরাওয়ের কারণে তারা ব্যর্থ হন। যথাযথ বৈধ কাগজপত্র না থাকা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করায় তাদের আটক করা হয়েছে। বর্তমানে তাদের ইমিগ্রেশন ডিপোর হেফাজতে রেখে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।