শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে কাবিটা–কাবিখা ও টিআর প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ—অনেক ক্ষেত্রে কাজ হয়নি, কোথাও হয়েছে নিম্নমানের কাজ, আর বেশ কয়েকটি প্রকল্পে সাইনবোর্ডও লাগানো হয়নি।
সরেজমিনে দেখা যায়—১নং ওয়ার্ডে পাকা রাস্তা থেকে মনসুর সরদারের বাড়ি পর্যন্ত ২ লাখ টাকার রাস্তার কোনো চিহ্ন নেই। একটি সাইনবোর্ড গাছের ডালে লুকিয়ে রাখা হয়েছে।
৭নং ওয়ার্ডে মনুয়া বাজার–বারেক সিকদার বাড়ির রাস্তা পুনর্নির্মাণে বরাদ্দ ২ লাখ ৭০ হাজার টাকা, কিন্তু মাত্র পাঁচ দিনের আংশিক মাটি কাটার কাজ দেখে স্থানীয়রা ক্ষুব্ধ। তাদের দাবি—খরচ হয়েছে সর্বোচ্চ ৩০–৪০ হাজার টাকা।

৯নং ওয়ার্ডে পাপরাইল রোড–আব্বাস সরদার পুকুরপাড় পর্যন্ত ইটের সলিং রাস্তার বরাদ্দ ২ লাখ টাকা হলেও বাস্তবে দেখা যায় মাত্র ৬০ হাজার টাকার নিম্নমানের কাজ।

২নং ওয়ার্ডে সিসি ঢালাই রাস্তার ১ লাখ ২০ হাজার টাকার প্রকল্পে ইউপি সদস্য নিজের বাড়ির সামনে অল্প ঢালাই করে দায় সেরেছেন বলে অভিযোগ স্থানীয়দের।
অধিকাংশ প্রকল্পের সাইনবোর্ড গায়েব থাকায় জনমনে আরও সন্দেহের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি—ইচ্ছাকৃতভাবে সাইনবোর্ড না লাগিয়ে প্রকল্পগুলো অস্বচ্ছ রাখা হচ্ছে।

এ বিষয়ে উপসহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উজ্জ্বল মণ্ডল জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।