শরীয়তপুর পৌরসভার গুরুত্বপূর্ণ দুটি সড়কের চরম বেহাল অবস্থার কারণে ২, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের হাজারো বাসিন্দা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে সংস্কারহীন এই সড়ক দুটি এখন খানাখন্দ আর ধুলাবালিতে একাকার, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।

পৌরসভার পাকামাথা থেকে আটং এবং পালং উত্তর বাজার থেকে কানার বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই সড়ক দুটি বর্তমানে চলাচলের প্রায় অনুপযোগী। অথচ এই পথ দিয়েই প্রতিদিন গোঁসাইরহাট, ভেদেরগঞ্জ ও ডামুড্যা উপজেলার লাখো মানুষ এবং ঢাকাগামী যাত্রীরা যাতায়াত করেন। বিকল্প পথ না থাকায় বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ এই সড়ক ব্যবহার করতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ধুলাবালির কারণে দোকানে মালামাল রাখা দায় হয়ে পড়েছে এবং ক্রেতাদের আনাগোনাও কমেছে। বছরের পর বছর শুধু সংস্কারের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

এ বিষয়ে শরীয়তপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইয়াকুব আলী জানান, সড়ক দুটির সংস্কারের জন্য চলতি মাসের মধ্যেই টেন্ডার বা দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী জুন মাসের মধ্যেই সড়ক দুটির মেরামত কাজ শেষ করা সম্ভব হবে। তবে স্থানীয়দের দাবি, প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও অধিকাংশ সড়কেরই একই দশা, যা দ্রুত সমাধান করা প্রয়োজন।