পুরোদমে শীতের মৌসুম চলছে। লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলা—পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার কাঁচাবাজারগুলোতে শীতকালীন সবজির প্রাচুর্য থাকলেও স্বস্তি ফেরেনি সাধারণ ক্রেতাদের। বাজারজুড়ে সবজি উপচে পড়লেও দাম কমছে না কাঙ্ক্ষিতভাবে।
শনিবার (১০ জানুয়ারি) বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়—ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, মুলা, টমেটো, পালংশাক, লাল শাকসহ প্রায় সব ধরনের সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, শীত বেশি হওয়ায় মাঠপর্যায়ে সরবরাহ ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে দামে।
সবজির বাজারদর (প্রতি কেজি/পিস):
আলু: ৩০–৪০ টাকা
বেগুন: ৫০–৬০ টাকা
টমেটো: ৭০ টাকা
গাজর: ৪০ টাকা
শিম: ৬০ টাকা
বরবটি: ৫০ টাকা
ঢেঁড়শ: ৬০ টাকা
কচু লতি: ৬০ টাকা
পটল: ৬০ টাকা
লাউ: ৪০–৬০ টাকা (সাইজভেদে)
ফুলকপি: পিস ৪০ টাকা থেকে
বাঁধাকপি: ৫০ টাকা থেকে
পেঁপে: ৩০ টাকা
মুলা: ৪০ টাকা
চাল কুমড়া: পিস ৫০ টাকা থেকে
করলা: ৫০ টাকা
লাল শাক: মুঠি ২০ টাকা
সরষে শাক: মুঠি ২০ টাকা
লাউ শাক: চার ডগা ৩০ টাকা
বাজারে ক্রেতারা দোকান থেকে দোকানে ঘুরে দাম তুলনা করলেও স্বস্তি পাচ্ছেন না। অনেকেই দোকানির সঙ্গে তর্কে জড়াচ্ছেন।
শিয়ালখোওয়া এলাকার গৃহিণী সালমা বেগম বলেন, “আগে ২০০–৩০০ টাকায় কিছুটা সবজি নেওয়া যেত, এখন সেই টাকায় ব্যাগও ভরে না। পরিবারের খাবারের মেনুতেও বৈচিত্র্য কমে গেছে।”
অফিসকর্মী সামাদ মিয়া বলেন, “সবজির দাম বেশি থাকায় নিয়মিত সবজি খাওয়া সম্ভব হচ্ছে না। শীতকাল মধ্যবিত্তদের জন্য স্বস্তির হওয়ার কথা ছিল, এখন তাও নেই।”
বিক্রেতা সাইফুল ইসলাম জানান, “শীত বেশি হওয়ায় মাঠের উৎপাদন ঠিকমতো উঠছে না। সরবরাহ কম থাকায় দাম একটু বেশি।”
নামুড়ী বাজারের সবজি বিক্রেতা হেলাল মিয়া বলেন, “শীত বেশি পড়ায় কৃষকরা প্রত্যাশামতো সবজি তুলতে পারছেন না। ফলে বাজারে সরবরাহ কম।”
আরেক বিক্রেতা জানান, “দাম বেশি হলে ক্রেতা কমে যায়। কম দামে বিক্রি হলে আমাদের পণ্য বেশি বিক্রি হয়, লাভও ঠিক থাকে।”
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, আবহাওয়া অনুকূলে না থাকলে পুরো শীতকালজুড়েই সবজির দাম কিছুটা বেশি থাকতে পারে।



মন্তব্য করুন