নির্বাচনী মাঠে জামায়াতে ইসলামীর তৎপরতাকে বিগত আওয়ামী লীগ সরকারের ‘জুলুমের’ সঙ্গে তুলনা করেছেন বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শনিবার (১০ জানুয়ারি) কুমিল্লার মুরাদনগরে এক ধর্মীয় অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি জামায়াতের বিরুদ্ধে বিএনপি নেতাদের লক্ষ্য করে অপপ্রচার ও মানহানির অভিযোগ তোলেন।

কুমিল্লা-৩ আসনের এই বিএনপি প্রার্থী দাবি করেন, জামায়াত বর্তমানে আওয়ামী লীগের চেয়েও ‘জঘন্য’ ভূমিকা পালন করছে। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে তারা পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের হেয়প্রতিপন্ন করার লক্ষে মিথ্যাচার চালাচ্ছে। যারা অন্যের সম্মানহানি করে বা মানুষের ক্ষতি করে, তারা ইসলামের আদর্শ অনুযায়ী চলতে পারে না বলে মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।

শনিবার দুপুরে উপজেলার বাঙ্গরা এলাকায় ‘মরহুম হাজী রুহুল আমিন ও হাজী মোমেনা বেগম ফাউন্ডেশন’ আয়োজিত একটি কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ বলেন, আওয়ামী লীগ যেভাবে জুলুম ও অপপ্রচারের মাধ্যমে শাসন চালিয়েছে, জামায়াতও এখন সেই একই পথ বেছে নিয়েছে। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অপশক্তি বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করলেও তাতে সফল হবে না।

বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত এই সভায় কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরীসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উপজেলার ৩৮টি মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অনুষ্ঠান শেষে পুরস্কার তুলে দেওয়া হয়।

সভায় বক্তারা ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত থাকার নির্দেশনা দেন।