মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার দীর্ঘদিনের প্রতিরক্ষা সমীকরণ বদলে দিয়ে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তিতে তৃতীয় পক্ষ হিসেবে যোগ দিচ্ছে তুরস্ক। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে জানা গেছে, এ সংক্রান্ত আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তিন দেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট গঠিত হতে পারে।

২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক ঐতিহাসিক ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেন। এই চুক্তির মূল শর্ত অনুযায়ী, এক দেশের ওপর কোনো হামলা হলে তা উভয় দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে—যা অনেকটা নেটোর ‘আর্টিকেল ৫’-এর আদলে তৈরি। এখন তুরস্ক এই জোটে যুক্ত হলে এটি একটি বিশাল আঞ্চলিক শক্তিতে রূপ নেবে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই জোট তিনটি ভিন্ন শক্তির সমন্বয় ঘটাবে: সৌদি আরবের অফুরন্ত অর্থবল, পাকিস্তানের পারমাণবিক ও ব্যালিস্টিক সক্ষমতা এবং তুরস্কের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ও রণকৌশল। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর নেটো ও বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে ওয়াশিংটনের নির্ভরযোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার প্রেক্ষাপটে তুরস্ক নিজের বলয় শক্তিশালী করতে এই পদক্ষেপ নিচ্ছে।

আঙ্কারাভিত্তিক থিংক ট্যাঙ্ক ‘তেপাভ’-এর কৌশলবিদ নিহাত আলি ওজকান জানান, তুরস্ক ইতিমধ্যে পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে ড্রোন প্রযুক্তি শেয়ার করছে। এমনকি আঙ্কারার নিজস্ব ‘কান’ (Kaan) ফিফথ জেনারেশন যুদ্ধবিমান প্রকল্পেও দেশ দুটিকে যুক্ত করার প্রক্রিয়া চলছে।

তবে এই উদীয়মান সামরিক শক্তি ইরান, ইসরায়েল এবং দক্ষিণ এশিয়ায় ভারতের জন্য নতুন কৌশলগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত তিন দেশের কোনো সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।