রাজধানীর ভাটারা থানার কড়া নিরাপত্তার ভেতরে ঢুকে পুলিশের ব্যবহৃত একটি ব্যক্তিগত মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে থানার উত্তর গেট সংলগ্ন এলাকা থেকে ইয়ামাহা এফজেডএস মডেলের বাইকটি নিয়ে যায় দুই মুখোশধারী। সিসিটিভি ফুটেজে চুরির এই দৃশ্য ধরা পড়লেও চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি।
থানা সূত্রে জানা গেছে, ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজ শুক্রবার রাতে বাইকটি পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় রেখে ডিউটিতে যান। ভোরবেলা দুই ব্যক্তি গেটের সামনে অবস্থান নেয় এবং তাদের একজন ভেতরে ঢুকে তালা ভেঙে বাইকটি বের করে আনে। অন্যজন বাইরে পাহারায় ছিল। ফুটেজে দেখা যায়, তারা বাইকটি ঠেলে সরিয়ে নিয়ে যাচ্ছে।
এএসআই ফিরোজ জানিয়েছেন, তার বাইকে জিপিএস ট্র্যাকার থাকলেও চোরেরা তা কৌশলে খুলে পাশের একটি গলিতে ফেলে দেয়। ফলে প্রযুক্তির মাধ্যমে বাইকটির অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না। বাইকের পাশাপাশি হেলমেটটিও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তবে থানার ভেতর থেকে চুরির বিষয়টি নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক। তার দাবি, চুরির ঘটনাটি থানার ভেতরে নয়, বরং বাইরের একটি গ্যারেজে ঘটেছে। এ ঘটনায় বাইকটি উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।



মন্তব্য করুন