আগামীকাল ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার গৌরবময় যাত্রার ৫৬ বছরে পদার্পণ করছে। দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতোমধ্যে বইতে শুরু করেছে উৎসবের আনন্দহাওয়া। প্রশাসন সাজিয়েছে দিনব্যাপী রঙিন সব আয়োজন।

১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল দেশের পরিবেশভিত্তিক এই অনন্য আবাসিক বিশ্ববিদ্যালয়। মাত্র চারটি বিভাগ আর ১৫০ জন শিক্ষার্থী দিয়ে শুরু হওয়া সেই পথচলা আজ হয়ে উঠেছে সাফল্যের দীর্ঘ অধ্যায়।

দিবসটির সূচনা হবে সকাল সাড়ে নয়টায় পুরাতন কলাভবনের সামনে মৃৎমঞ্চে শিক্ষক–শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত সমাবেশের মধ্য দিয়ে।
সকাল দশটায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সেলিম আল-দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। সেখানে শহিদদের স্মরণে বিশেষ দোয়া এবং আহতদের আরোগ্য কামনা করা হবে। টিএসসি চত্বরে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিও উদ্বোধন করা হবে।

বিকেল তিনটায় পুতুল নাচ ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হবে ক্যাম্পাস। পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ মাঠে জমাবে উৎসবের আমেজ। বিকেল চারটায় অনুষ্ঠিত হবে নারী শিক্ষার্থীদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ।

সন্ধ্যায় সেলিম আল-দীন মুক্তমঞ্চে আয়োজন করা হয়েছে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয় দিবসের আনন্দকে আরও বাড়াতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে থাকছে পিঠা মেলা, আর ক্যাম্পাসজুড়ে চোখ ধাঁধানো আল্পনা ও গ্রাফিতির রঙিন ছোঁয়া।