আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিশেষ রাজনৈতিক দলকে ‘এক্সট্রা’ বা বাড়তি সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
শফিকুল আলম জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস আইজাবস আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। ইইউ প্রতিনিধিদল জানিয়েছে, তারা এবারের নির্বাচনে ২০০ সদস্যের একটি বিশাল পর্যবেক্ষক দল পাঠাবে। উল্লেখযোগ্য যে, গত ১৫ বছরেরও বেশি সময় পর এই প্রথম ইইউ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে, কারণ আগের নির্বাচনগুলো তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।
প্রেস সচিব আরও বলেন, নির্বাচনে এখন পর্যন্ত একটি স্বচ্ছ ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ বজায় রয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় গুজব বা অপপ্রচারকে নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। বিশেষ করে পতিত সরকারের সাথে জড়িত ব্যক্তিরা ভুল তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে ভোটের পরিবেশ যথেষ্ট ভালো। বিচ্ছিন্ন কিছু অপরাধের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তার করছে। এছাড়া নির্বাচনে ইসি ও প্রশাসনের পূর্ণ প্রস্তুতির কথাও প্রধান উপদেষ্টা ইইউ প্রতিনিধিদলকে জানিয়েছেন।
এ সময় উপস্থিত সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান, নরসিংদীর মনি চক্রবর্তী হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক রঙ দিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তদন্তে দেখা গেছে এটি একটি পারিবারিক কলহের জের। বিশিষ্ট ব্যক্তিদের যাচাই-বাছাই ছাড়া এ বিষয়ে বিবৃতি না দেওয়ার আহ্বান জানান তিনি।



মন্তব্য করুন