কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া গ্রামে মা ও চার বছরের শিশুপুত্রের রক্তাক্ত নিথর দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে ঘর থেকে ইসমত আরা (২৬) ও তার ছোট্ট ছেলে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, ঘরের ভেতরে ইসমত আরার দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। মাথায় আঘাতের দাগ স্পষ্ট দেখা যায়। পাশে পড়ে থাকা একটি ইট ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, নিহত ইসমত আরার পরিবার বলছে—তিনি দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। অতীতে একাধিকবার নিজের মাথায় আঘাত করা ও আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটিয়েছিলেন।

ওসি বলেন, “এটি আত্মঘাতী নাকি অন্য কিছু—এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত কারণ জানা যাবে।”
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, ইসমত আরা ডিভোর্সী ছিলেন এবং বাবার বাড়ির পাশেই একা থাকতেন। তিনি বলেন, “ঘটনা আত্মহত্যা, নাকি হত্যা—তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
হঠাৎ দুই প্রাণ হারানোর ঘটনাটি পুরো গ্রামজুড়ে রহস্য ও শোকের ভারী বাতাস তৈরি করেছে। পুলিশ বলছে, তদন্তেই উদ্‌ঘাটিত হবে মৃত্যুর আসল রহস্য।