শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চুরি হওয়া ডিজেল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে নড়িয়া থানার পুলিশ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে হাকিম ঢালী (২১) ও সাদ্দাম মাদবর (৩০)–এর কাছ থেকে চুরি যাওয়া একটি সবুজ রঙের কন্টেইনারে রাখা ৬ লিটার ডিজেল এবং চুরির কাজে ব্যবহৃত একটি লাল প্লাস্টিকের বালতি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা নড়িয়া উপজেলার মোক্তারের চর এর বাসিন্দা।

পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চোরাই ডিজেলের ক্রেতা হিসেবে রাজীব আকন (৩২)–কে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি কন্টেইনারে সংরক্ষিত ২০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে নড়িয়া থানায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং চুরি চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।