ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তদন্তে জানা গেছে, কারওয়ান বাজারের চাঁদাবাজি ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে বিদেশে পলাতক এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে ১৫ লাখ টাকার চুক্তিতে এই খুনের মিশন সম্পন্ন করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডে জড়িত মূল পরিকল্পনাকারী মো. বিল্লাল এবং শুটার জিন্নাতসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্য দুজন হলেন আব্দুল কাদির ও মো. রিয়াজ। এদের মধ্যে বিল্লাল ও কাদির আপন ভাই।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, মালয়েশিয়ায় অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের সহযোগী ‘বিনাশ’-এর নির্দেশে ১৫ লাখ টাকায় এই হত্যার চুক্তি হয়। মুছাব্বির সম্প্রতি কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, যা স্বার্থান্বেষী মহলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। গত বুধবার রাতে কারওয়ান বাজারের স্টার হোটেলের পাশের গলিতে মুছাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে জিন্নাত ও রহিম। এতে ঘটনাস্থলেই মুছাব্বির মারা যান এবং তার সহযোগী মাসুদ গুলিবিদ্ধ হন।

ডিবি জানায়, বিল্লাল মোটরসাইকেলে করে শুটারদের ঘটনাস্থলে নামিয়ে দেন এবং রিয়াজ এলাকাটি রেকি করতে সহায়তা করেন। যদিও গ্রেপ্তারদের কোনো সরাসরি রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি, তবে তারা স্থানীয় ব্যবসায়িক গ্রুপ ও রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় কারওয়ান বাজার নিয়ন্ত্রণে সক্রিয় ছিল। গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আজ আদালতে তোলা হবে।