বাংলাদেশের কৃষি খাতে টেকসই জ্বালানি নিশ্চিত করতে এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনতে সৌর সেচ ব্যবস্থার কোনো বিকল্প নেই বলে অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) আয়োজিত ‘বাংলাদেশে সৌর সেচের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে বক্তারা এই গুরুত্বারোপ করেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ বলেন, সৌরবিদ্যুৎকে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে সোলার প্যানেল আমদানিতে শূন্য শতাংশ (০%) ট্যাক্স বা শুল্কমুক্ত সুবিধা দেওয়া এখন সময়ের দাবি। বর্তমানে দেশে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেশি হওয়ায় সরকারকে বিশাল অংকের ‘ক্যাপাসিটি চার্জ’ দিতে হচ্ছে। এই আর্থিক চাপ কমাতে বিদ্যুতের বহুমুখী ব্যবহার, বিশেষ করে সেচ কাজে সৌরশক্তির ব্যবহার বাড়ানো জরুরি।
বিশেষজ্ঞরা জানান, ডিজেলচালিত সেচ পাম্পের তুলনায় সৌর সেচ পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদে সাশ্রয়ী। স্রেডা এবং বিএডিসির কর্মকর্তারা সেমিনারে উল্লেখ করেন যে, সঠিক নীতিগত সহায়তা এবং অর্থায়ন কাঠামো নিশ্চিত করা গেলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএডিসির প্রধান প্রকৌশলী মো. সারওয়ার হোসেন।



মন্তব্য করুন