মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মালিকানাধীন বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, জব্দের তালিকায় রয়েছে রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ অবস্থিত একটি পাঁচতলা আবাসিক ভবন এবং মানিকগঞ্জে অবস্থিত দুটি বাড়ি (একটি দোতলা ও অন্যটি চারতলা ভবন)। চারতলা ভবনটিতে ‘মমতাজ চক্ষু হাসপাতাল’ অবস্থিত। এছাড়া ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন মৌজায় থাকা মোট ৪৭৪ শতাংশ জমিও এই আদেশের আওতায় এসেছে। পৈতৃক সূত্রে পাওয়া একটি দোতলা বাড়ি ছাড়া জব্দকৃত এসব সম্পদের আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি ৮১ লাখ টাকা।
দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক এই সম্পত্তি জব্দের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মমতাজ বেগম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। তদন্ত চলাকালীন এসব সম্পদ হস্তান্তরের ঝুঁকি থাকায় তা জব্দ করা প্রয়োজন। উল্লেখ্য, গত বছরের ১৩ মে গ্রেপ্তার হওয়ার পর থেকে মমতাজ বেগম বর্তমানে কারাগারেই রয়েছেন।



মন্তব্য করুন