দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শফিকুল ইসলাম মাসুদকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্র মতে, আসন্ন নির্বাচনে শেরপুর-১ আসনে বিএনপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে প্রার্থী মনোনীত করলেও মাসুদ দলের সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে সমান্তরাল প্রচারণা চালিয়ে আসছিলেন।

বহিষ্কৃত শফিকুল ইসলাম মাসুদ এর আগে শেরপুর জেলা ছাত্রদল ও জেলা যুবদলের সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, এ আসনে মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ২০১৮ সালের নির্বাচনে দেশের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে চাকরি হারিয়েছিলেন। দলীয় শৃঙ্খলা বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে।