সারা দেশে হাড়কাঁপানো শীতের প্রকোপ আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ওপর দিয়ে চলমান মৃদু শৈত্যপ্রবাহ আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এছাড়া বুধবার থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার প্রভাবে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আগামী ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে এই শৈত্যপ্রবাহ দেশের আরও কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আগামী শনিবার (১৭ জানুয়ারি) থেকে তাপমাত্রার সামান্য উন্নতির সম্ভাবনা থাকলেও তার আগে শীতের দাপট কমার সম্ভাবনা নেই।



মন্তব্য করুন