শরীয়তপুরের বহুল আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার রায় ঘোষণা করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। দীর্ঘ দুই বছর পাঁচ মাস অপেক্ষার পর মঙ্গলবার দুপুরে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং এক কিশোরকে ২১ বছরের আটকাদেশ দেন। রায় ঘোষণার মুহূর্তে আদালত চত্বরে শোক, ক্ষোভ ও স্বস্তির মিশ্র অনুভূতি ছড়িয়ে পড়ে।
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হৃদয় খান নিবিড় ২০২৩ সালের ১ আগস্ট বিকেলে খেলতে বের হয়ে নিখোঁজ হয়। সন্ধ্যায় তার মায়ের ফোনে আসে মুক্তিপণের দাবি—৫০ লাখ টাকা। অপহরণের সেই ফোন কলের পর আতঙ্কে কেঁপে ওঠে পুরো পরিবার। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় শাকিল, সিয়াম এবং এক কিশোরকে আটক করলে তাদের স্বীকারোক্তিতে পরদিন সকালে বাড়ির পাশের পরিত্যক্ত জমি থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় শিশুটির নিথর দেহ।
টানা ২১ জন সাক্ষীর সাক্ষ্য, তদন্ত ও শুনানি শেষে বিচারক শেখ হাফিজুর রহমান শাকিল হোসেন গাজী ও সিয়াম হোসেনকে মৃত্যুদণ্ড এবং কিশোর আসামিকে ২১ বছরের আটকাদেশের রায় ঘোষণা করেন। রায় শোনামাত্র বিক্ষুব্ধ জনতা আদালতের বাইরে আসামিদের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি সামাল দেয়।
রায়ের পর সাংবাদিকদের নিবিড়ের বাবা মনির হোসেন বলেন,
“আমার ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীদের আজ কঠিন শাস্তি হয়েছে—এতে আমরা স্বস্তি পেয়েছি। এখন চাই দ্রুত রায় কার্যকর হোক।”
মা নিপা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার ফুলের মতো শিশুকে যেভাবে মেরেছে, আমি কখনও মানতে পারিনি। তাদের দ্রুত ফাঁসি চাই।”
বাদীপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ দাবি করেছে বিচার পায়নি তারা এবং উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, “সাক্ষ্য-প্রমাণ ও স্বীকারোক্তিতে মিল থাকায় আদালত ন্যায়সংগত রায় দিয়েছেন। দ্রুত কার্যকর হলে সমাজে এই রায়ের ইতিবাচক প্রভাব পড়বে।”
শিশু নিবিড় হত্যায় দীর্ঘদিনের অপেক্ষার পর পাওয়া এ রায়ে পরিবারসহ স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে দ্রুত রায় কার্যকরের দাবিও জোরালো হচ্ছে এলাকায়।



মন্তব্য করুন