শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ছোট বিনোদপুর পশ্চিম পাড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তিন নারীসহ চারজনের ওপর হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে আহতরা শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রুবেল মোল্লা, ঝর্ণা আক্তার, সুফিয়া বেগম ও নাসিমা বেগম জানান, চিতলিয়া ছোট বিনোদপুর পশ্চিম পাড় এলাকার গিয়াস উদ্দিন মোল্লা ও বাবুল মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার বিকেলে বাড়িতে পুরুষ সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগে তাজেল মোল্লা ও বাবুল মোল্লার নেতৃত্বে সোহেল, আলামিন ও রমজানসহ ১০–১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ঘরে হামলা চালায়।
তাদের অভিযোগ, খবর পেয়ে গিয়াস মোল্লার ছেলে রুবেল মোল্লা ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্ত্রী ঝর্ণা আক্তার, মা সুফিয়া বেগম ও বোন নাসিমা বেগমও হামলার শিকার হন। হামলার সময় ঝর্ণা আক্তারকে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
তারা আরও জানান, হামলাকারীরা বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায়, লুটপাট করে নিয়ে যায় সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার ও ৬০ হাজার টাকা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
“আমরা বাঁচতে চাই, আমরা ন্যায়বিচার চাই।”
অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করা হলেও কেউ কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে পালং মডেল থানার ওসি মো. শাহআলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



মন্তব্য করুন