সাত কলেজকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার দাবিতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে আজ বুধবার (১৪ জানুয়ারি) রাজপথে নামছেন শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে একযোগে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এতে করে শহরের প্রধান এই সংযোগ সড়কগুলোতে তীব্র যানজটের আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। আন্দোলনকারীদের দাবি, সরকার জানুয়ারির প্রথম দিকেই এ সংক্রান্ত অধ্যাদেশ জারির আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। আগামীকাল ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠক হওয়ার সম্ভাবনা থাকায় তার আগেই চাপ সৃষ্টির লক্ষে তারা এই রাজপথ অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া নিয়ে স্টেকহোল্ডারদের সাথে বৈঠকের পর সব কার্যক্রম শেষ করা হলেও চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়াটি ঝুলে আছে। গত ডিসেম্বরে শিক্ষা ভবনে টানা অবস্থানের পর মন্ত্রণালয় দ্রুত সমাধানের কথা দিয়েছিল।

শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন, আজকের অবরোধ কর্মসূচি থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত পিছু হঠবেন না তারা। ১৫ জানুয়ারির মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিই এখন তাদের আন্দোলনের প্রধান কেন্দ্রবিন্দু।