আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে লুণ্ঠিত ও অবৈধ আগ্নেয়াস্ত্র। গত ৫ আগস্টের পর পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রের একটি বিশাল অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১ হাজার ৩৪০টি আগ্নেয়াস্ত্র এবং ২ লাখ ৫৭ হাজার ৬৫৯ রাউন্ড গুলির কোনো হদিস মিলছে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করলেও জনবল ও তথ্যের অভাবে উদ্ধার অভিযান গতি পাচ্ছে না। নিখোঁজ অস্ত্রের তালিকায় রয়েছে এলএমজি, এসএমজি, চায়না রাইফেল ও পিস্তলের মতো শক্তিশালী মারণাস্ত্র। গোয়েন্দা তথ্যানুযায়ী, আন্ডারওয়ার্ল্ডে এসব অস্ত্র সহজলভ্য হয়ে ওঠায় সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক হত্যাকাণ্ড ও খুনোখুনি আশঙ্কাজনকভাবে বেড়েছে।

নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হলে ভোটকেন্দ্রে সহিংসতা ও ভোটারদের ভীতি প্রদর্শনের ঝুঁকি তৈরি হবে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যমতে, ২০২৫ সালেই ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। এ অবস্থায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সাঁড়াশি অভিযানের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।